নোয়াখালীর কবিরহাটে পশুরহাট বসাতে বাধা দেওয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেন।
আরও পড়ুন: '২০০৪ সালেও দেশে দুর্ভিক্ষ হয়েছে, মানুষ মারা গেছে'
এসময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গাড়িতে গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই।
একাত্তর/আরএইচ
