সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুস্থদের নামে বরাদ্দের ঢেউটিন আর নগদ টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজার বিরুদ্ধে। উপকারভোগীদের অভিযোগ, মাস্টাররোলে তাদের স্বাক্ষর নেওয়া হলেও মেলেনি কিছুই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই ভাইস চেয়ারম্যান।
কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামের উপকারভোগী ভ্যান চালক রফিকুল ইসলাম বলেন, তার নামে তিন বান্ডিল টিন আর নয় হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু মাস্টাররোলে স্বাক্ষর নেওয়ার পরে বাড়ি ফেরার পথে আবারও তা ভাইস চেয়ারম্যানকে ফেরত দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান তখন তার হাতে ধরিয়ে দেন এক হাজার টাকা। একই অভিযোগ টিন বরাদ্দ পাওয়া প্রায় সকলের।
সূত্র জানায়, ২০২১-২১ অর্থ বছরে কামারখন্দ উপজেলায় দুস্থদের জন্য ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর থেকে ৫৫ বান্ডিল টিন ও এক লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপকারভোগীরা অভিযোগ করে জানান, ওই ভাইস চেয়ারম্যানের নির্দেশে তার অনুসারীদের বাড়িতে, গুদামে রাখা হয়েছে টিনগুলো।
সরেজমিনে মেলে অভিযোগের সত্যতা। এসময় ভাইস চেয়ারম্যানের অনুসারীরা জানান, তার নির্দেশে গ্রামের স্কুল আর হাট নির্মাণের জন্য এগুলো সরিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন: এক চিতলেই কিস্তিমাত আজগরের
এদিকে সকল অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, কোনো অনৈতিক কাজের সঙ্গে তিনি জড়িত নন। ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে।
এ নিয়ে কথা হয় উপজেলা ত্রাণ কর্মকর্তা আয়শা সিদ্দিকার সঙ্গে। তিনি বলেন, অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।
একাত্তর/এসি
