কুমিল্লা সিটি করপোরেশনের উপ নির্বাচনে উৎসবের আমেজ নিয়ে নিরাপত্তা চাদরে ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি করপোরেশন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু,বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার , হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম ও ঘোড়া প্রতীকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটিতে ভোটার রয়েছেন দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোট কক্ষের সংখ্যা ৬৪০টি। প্রিজাইডিং কর্মকর্তা ১০৫ জন, সহকারী প্রিজাইডিং ৬৪০ জন, পোলিং এজেন্ট এক হাজার ২৮০ জন। প্রতি তিন ওয়ার্ডে একজন করে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে সব ওয়ার্ডে একজন করে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব ২৭টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১৩৩৯ জন ও নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছেন। প্রতিকেন্দ্রে সার্বক্ষণিক পাঁচজন পুলিশ সদস্য আছেন। এছাড়াও দুইটি থানার দুইটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছেন।
২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে।
ময়মনসিংহে তিন ঘণ্টায় পড়লো ১২ দশমিক পাঁচ শতাংশ ভোট