বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।
মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার এবং এফ এম সিদ্দিকীর পরামর্শে কয়েকটি পরীক্ষা করা হবে খালেদা জিয়ার
বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
২০২২ সালের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
দুর্নীতির মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।
২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।
সন্ধ্যায় হাসাপাতালে নেয়া হবে খালেদাকে