দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর মানাওগাত। গরম আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে প্রচুর গাছপালা ঘেরা ওই শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, শহরের ১৩ অঞ্চলে মোট ৪১টি জায়গায় দাবানল লেগেছিলো। এরইমধ্যে বেশিরভাগ জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু দুইটি শহরের কাছে এখনো দাবানল জ্বলছে।
তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, দাবানলের ফলে তিনজন মারা গেছেন, কমপক্ষে ১১২ জন অসুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৫৮ জনকে।
এরইমধ্যে পুড়ে গেছে বেশকিছু বাড়িঘর কৃষিখামার ও যানবাহন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের দাবানল এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ।
দেশটির কৃষিমন্ত্রী টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, উপকূলীয় শহর মামারিসেও দাবানল নেভানোর চেষ্টা করছেন কর্মীরা।
সেখানে বেশ কিছু হোটেল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে সরকারিভাবে জানানো হয়েছে, শহরের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: অবশেষে লকডাউন মানাতে সিডনিতে সেনা মোতায়েন
এদিকে, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের ফলে রাশিয়া ও ইউরোপের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় শহর অ্যান্তালিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
একাত্তর/আরবিএস
