বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) বলেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
এর আগে গেলো ৮ জুলাই সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আমেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছিলো সিআইডি।
পরে রাজধানীর পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা