রাষ্ট্র সংস্কারে প্রদত্ত সুপারিশগুলো নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রোডম্যাপ তৈরির কাজে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, অতিরিক্ত সময় পাওয়া কমিশনগুলো হলো- সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় গত ১৫ জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার দিনে সরকারের হাতে প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা।
অন্যদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা।
চার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর ১৫ জানুয়ারি বিকালে সংবাদ সম্মেলনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে আসা সুপারিশগুলো নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কমিশনগুলোকে আরও এক মাস সময় দেওয়া হবে। এক মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ তৈরি করতে সক্ষম হব বলে মনে করি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান।
ফেব্রুয়ারির মধ্যে সাইবার ও রাজনৈতিক মামলা প্রত্যাহার