অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেয়া শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে তিনটি শহীদ পরিবারের সদস্য ও তিনজন আহত যোদ্ধা বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানান। স্মৃতিচারণার সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস পেয়েছি, তাদের অবদান কোনো মাপে মাপা যায় না।

তিনি শহীদ ও আহতদের ‘জীবন্ত ইতিহাস’ আখ্যা দিয়ে বলেন, ‘যে জাতি ইতিহাস স্মরণ করতে পারে না, সে জাতি হিসেবে গড়ে উঠতে পারে না।’

তিনি বলেন, আজ থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের প্রতি সমাজের দায়িত্ব রয়েছে।

বিচারের প্রসঙ্গে তিনি বলেন, তাৎক্ষণিক বিচার অবিচার হয়ে যেতে পারে। সুবিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা অপরাধী, তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। যারা অপরাধী নয়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি সকলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, দেশ গড়ার স্বপ্ন আমাদের সবার। আমরা একসাথে সুন্দর দেশ গড়ে তুলবো।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করা হবে ও পরিচয়পত্র প্রদান করা হবে। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ লাখ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২০ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া মাসিক ২০ হাজার টাকা ভাতা ও সরকারি, আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

আহত যোদ্ধারা দুটি ক্যাটাগরিতে আর্থিক সহায়তা পাবেন। গুরুতর আহতদের ‘ক্যাটাগরি এ’ -তে অন্তর্ভুক্ত করে এককালীন ৫ লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৩ লাখ টাকা দেওয়া হবে। তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা, আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসা এবং কর্মসহায়ক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন।

‘ক্যাটাগরি বি’ যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ লাখ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২ লাখ টাকা প্রদান করা হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা ও সরকারি/আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

এখন পর্যন্ত সরকার ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে এবং আহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে, যা দ্রুত প্রকাশিত হবে।

অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আপনাদের ন্যায্য সম্মাননা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করেছে। সংকটকালীন পরিস্থিতির কারণে বিলম্ব হয়েছে, এ জন্য আমি দুঃখপ্রকাশ করছি।

একাত্তর/আরএ
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর