নিউ নরমাল দুনিয়ার বায়ো বাবল ক্রিকেট যেন অভিশাপ হয়ে এসেছে বিশ্বসেরা ব্যাটসম্যান ভিরাট কোহলির জন্য।
করোনাকালের টেস্ট ক্রিকেটে তার ব্যাট আর হাসছে না আগের মতো, অফ-ফর্মটা কাটিয়ে উঠতে পারছে না কিছুতেই।
টানা ম্যাচের ধকলের সাথে কোয়ারিন্টিন আর কোভিড টেস্টের ঝক্কি সামলাতে গিয়েই কি হিমশিম খাচ্ছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন? পরিসংখ্যান কিন্তু আভাস দিচ্ছে তেমন কিছুরই।
যে দেশ দুশ’ বছর শাসন করেছিল ভারতবর্ষকে সেই ব্রিটেনের লর্ডসেই নিজেদের পতাকা উড়িয়ে স্বাধীনতার দিনটা উদযাপন করে টিম ইন্ডিয়া।
ক্যাপ্টেন ভিরাট কোহলির সাথে ছিলেন রবি শাস্ত্রীও। কিন্তু ক্রিকেটাররা মুক্ত হাওয়া ওড়া ওই পতাকার মতো স্বাধীন হতে আর পারলেন কই?

পরাধীনতার শৃঙ্খল এবারে ওদের পরিয়েছে এক মারণঘাতি ভাইরাস। কোয়ারেন্টাইন, কোভিড টেস্ট, বায়ো-বাবল এমন আরো সব নতুনের সাথে মানিয়ে নিতে ব্যস্ত ক্রিকেটাররা।
কিন্তু কতজন পারছেন, এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে। যেমন পারছেন না ভিরাট কোহলি। তার টেস্ট রানের খাতা কিন্তু সে কথা বলছে না।
চলতি ইংল্যান্ড সফরে দুই ম্যাচে তিন ইনিংস ব্যাট করেছেন ভারত কাপ্তান। সব মিলিয়ে মোটে ৬২ রান এসেছে তার ব্যাট থেকে।
কিন্তু দুই ম্যাচ দিয়ে তো কোহলির মতো ব্যাটসম্যানকে বিচার করা বোকামি, তাই আরেকটু বড় পরিসরে বিবেচনা করা যাক।
বায়ো-সি বাবলে খেলা শুরুর পর কোহলিরা প্রথম টেস্ট ম্যাচ খেলে ২০২০ সালের ডিসেম্বরে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সেই থেকে এই পর্যন্ত আট ম্যাচে ১৩ ইনিংসে ব্যাট কোরেছেন কোহলি, যেখানে গড়ে ২৮ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছেন তিনি।
এই সময়কালের আগে টেস্ট সেঞ্চুরি অভ্যাসে পরিণত করলেও করোনাকালীন টেস্ট ক্রিকেটে মোটে তিনটা ফিফটি পেয়েছেন। অথচ ভিরাটের টেস্ট গড় একান্নর বেশি, আছে ২৭ সেঞ্চুরি।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
বায়ো বাবল নামের কারাগার থেকে মুক্তি পেতে ক্রিকেট থেকেই আপাতত বিশ্রামে যাচ্ছেন অনেকেই, কোনো কোনো টিম ম্যানেজমেন্ট গড়ে তুলছে বিকল্প স্কোয়াডও।
কিন্তু কোহলির মতো যাদের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, যার না খেলা মানে ম্যাচের ব্র্যান্ড ভ্যালু প্রায় অর্ধেক কমে যাওয়া, তিন ফরম্যাটের ক্রিকেট আর আইপিএল সামলে সেই কোহলির বিশ্রাম নেয়ার সুযোগই বা কোথায়?
একাত্তর/আরবিএস
