রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তাদের চেষ্টায় প্রায় ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি, এছাড়া ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থাও ছিলোনা।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আপাতত চেয়ারম্যান বাড়ি এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। অনেকক্ষেত্রে এই এলাকার ভবন নির্মাণে নিয়ন-নীতি মানা হয়নি।
বিষয়টি একাত্তরকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনামুল হক বলেন, সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় তাদের সাথে যোগ দেয় আরো ৫ ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: নীলফামারীতে কমছে তিস্তার পানি

তিনি জানান, ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।
ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. সালাউদ্দিন জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা; তাই দু-একটি করে গাড়ি ছাড়া হচ্ছে। আপাতত সড়কে কিছু পরিমাণে যানজট তৈরি হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
একাত্তর/আরএ
