রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার (২২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোর, নওগাঁ ও পাবনার দুইজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
আরও পড়ুন: বয়স ১৮ হলেই মিলবে করোনার টিকা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ২৪০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন।
একাত্তর/আরএ
