রাজনৈতিক দলগুলোকে ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আহ্বান জানান আলী রীয়াজ।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, একটু ছাড় দেয়ার জায়গাটাতে আসুন, আপনারা আসছেন, কিন্তু আরেকটু এগোন। আরেকটু এগোলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারবো। আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি।
তিনি আরও বলেন, আমরা এখানে এসেছি একটি কঠিন পরিস্থিতিতে। সে পরিস্থিতিটা ১৬ বছরের সংগ্রাম, হাজারো লোকের আত্মদান। শত শত লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, তাঁদের অনেকের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে আত্মদান, এতে আপনারাই সংশ্লিষ্ট। আপনাদের কর্মী, আপনাদের দল, আপনাদেরই সংগঠন। যারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, যার জন্য আমরা এখানে আসতে পারলাম। ফলে এটা একটু বিবেচনা রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কত দূর পর্যন্ত যেতে পারি, এ বিষয়ে বিবেচনা করা উচিত।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। তবে সেদিন এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতিসহ ৩০টি রাজনৈতিক দল।
সাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ বিএনপির, থানায় মামলা
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ