আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার এসময় আরো জানান, সম্প্রতি অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রার্থীদের অংশগ্রহণ এবং বক্তব্য প্রদানের ধরন দেখে মনে হয়েছে নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রার্থীরা শুনানিতে যেভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন মনে করে।
দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে বড় বা ছোট দল বলে কিছু নেই। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, তারা সবাই ইসির কাছে সমান। রাজনৈতিক দলগুলো নিয়মিত ইসিতে এসে তাদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছে, এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোটখাটো সমস্যার সমাধান করা হলেও কমিশন এখনো বড় কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এছাড়া রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য কমিশন খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নিয়ে তিনি উল্লেখ করেন, সাধারণত একটি কমিশনের একটি জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে। কোনো কমিশনই আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না।
বর্তমানে কমিশন একদমই কোনো চাপে নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ যেমন একটি ভালো নির্বাচন চায়, কমিশনও ঠিক সেটিই চায়।
৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ