সারাদেশে ৩০টি আসনে ভোটের ফল জালিয়াতির অভিযোগ এনে এসব আসনে শপথ গ্রহণ স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করলেও ইতিমধ্যে গেজেট প্রকাশ হওয়ায় আইনি প্রক্রিয়ায় যাবেন তারা। এছাড়া সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তাদের।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করেছিল। নির্বাচন সম্পন্ন হলেও বহু স্থানে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোট গণনায় গরমিল, ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। কিছু আসনে ভোর পাঁচটার দিকে ফল দেওয়া হয়েছে, আবার কোথাও দ্রুত ফল ঘোষণা করা হয়েছে— যা সন্দেহের জন্ম দিয়েছে।
তিনি জানান, যেসব আসনে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে ফল হয়েছে, সেসব জায়গায় অনিয়মের অভিযোগ তুলেছে দলটি। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এসময় দলের সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ইতিমধ্যে গেজেট প্রকাশ হওয়ায় ৩০ আসনে শপথ গ্রহণ স্থগিত ও ভোট পুনর্গণনার দাবিতে আদালতে যাবেন তারা।
এর আগে ফল কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক।
প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
দেশ গঠনে সবাইকে তারেক রহমানের আমন্ত্রণ, ‘ঐক্যই আমাদের শক্তি’
নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুল