টানা দুই ম্যাচ জয়ের পর যেন আকাশ থেকে মাটিতে লুটিয়েছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ড অবশ্য আত্মবিশ্বাসের চুড়ায়। জয়ের ধারায় থেকে জমিয়ে তুলতে চায় সিরিজটা। কিন্তু টাইগার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলছেন, স্মার্ট ব্যাটিং আর দায়িত্বশীল ইনিংস খেলতে হবে ক্রিকেটারদের।
ওয়ার্ম আপে ফুটবল, তাতেই বার্তাটা পরিস্কার। দলীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ, মেলে উতসবের মূহুর্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভরাডুবির বড় কারণ, দল হয়ে পারফর্ম করতে পারেনি বাংলা।
একদিন হোটেলে বিশ্রামে হারের জ্বালা কাটিয়ে, চার নম্বর মহারণের আগে তেতে উঠেছে গোটা শিবির। ক্রিকেটার থেকে কোচিং ইউনিট, সবার ভাবনা জুড়েই চেনা থেকে অচেনা হয়ে যাওয়া মিরপুরের উইকেট। তবুও ৭৬ রানে অলআউটের লজ্জা ভুলে, এক ম্যাচ আগেই সিরিজ জেতায় মনোযোগি। ব্যাটিং গুরু শিষ্যদের কাছে চান দারুন উইলোবাজি।
শঙ্কা কিংবা মোটা দাগে বড় সমস্যা ডট বল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিম্যাচেই গড়ে ৫০ বলে রান নিতে পারেনি টাইগার ব্যাটাররা। কিউইদের বিপক্ষে সবশেষ লড়াইয়ে ছাড়িয়ে গেছে আগের রেকর্ড, ১১৮ বলে অলআউট, সত্তরটাই ডট।
এখন প্রশ্ন হলো, প্রথম তিন ম্যাচের মতো বুধবারও কি অপরিবর্তিত একাদশ থাকছে? মঙ্গলবারের অনুশীলন দেখে ধারণা পাওয়া গেছে, সাইফউদ্দিনের জায়গায় খেলতে পারেন শরিফুল অথবা তাসকিন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চতুর্থ ম্যাচ শুরু বুধবার বিকেল চারটায়।
একাত্তর/এসজে
