প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ের কিছুদিন পরই যৌতুক দাবির ঘটনায় দায়ের হওয়া মামলায় কাউছার সাকিব (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর আল মামুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাকিব শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
আদালত সূত্রে জানা যায়, কাউছার সাকিব ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রেমের সম্পর্কের সূত্রে শেরপুর সদর উপজেলার মুকছুদপুর টালিয়াপাড়া গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কন্যা ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে বিয়ে করে।
আরও পড়ুন: দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবর পণ্য
কিন্তু বিয়ের পর থেকেই সাকিব তার স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এমতবস্থায় গত ৭ মে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে তা আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেয় সাকিব।
এছাড়া তার অজ্ঞাতসারে গত ৪ জুন শহরের বাগরাকসা মহল্লার আফসানা জামান সেতু নামে এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে এবং ১৩ জুন প্রথম স্ত্রীকে তালাক প্রদান করে।
ওই ঘটনায় সাকিবের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন এবং মুসলিম পারিবারিক আইনে আদালতে দুটি পৃথক মামলা দায়ের হলে গত ২৩ আগস্ট সে আদালতে হাজির হয়ে আপোসের শর্তে ৮ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত অন্তঃবর্তীকালীন জামিন লাভ করে।
কিন্তু ওই জামিনের মেয়াদ শেষ হলেও আপোস-মিমাংসা না হওয়ায় তাকে কারাগারে পাঠায় আদালত। বাদীপক্ষের আইনজীবী তাজুমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তর/আরএইচ
