চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যকার লড়াই ছাপিয়ে এখন আলোচনায় দুই তারকার তিক্ত দ্বন্দ্ব। রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের প্রতি 'বৈষম্যমূলক' এবং 'হোমোফোবিক' আচরণের দায়ে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ানিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। শুক্রবার এক বিবৃতিতে এই কঠোর শাস্তির কথা জানায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ প্রথম লেগের ম্যাচে। রিয়ালের ১-০ ব্যবধানে জয়ের সেই ম্যাচে ভিনিসিয়াস গোল করার কিছুক্ষণ পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রেস্তিয়ানি তাঁর জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন, যা ভিনিসিয়ুস এবং তাঁর সতীর্থরা ‘বর্ণবাদী গালি’ হিসেবে শনাক্ত করেন। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, খেলা ১১ মিনিট বন্ধ রাখতে হয়।
মজার ব্যাপার হলো, প্রেস্তিয়ানি শুরু থেকেই বর্ণবাদী মন্তব্যের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, ভিনিসিয়ায় তার কথা ভুল শুনেছেন। রিয়ালের অরেলিয়ান চুয়ামেনি জানিয়েছেন, প্রেস্তিয়ানি তাঁকে বলেছিলেন তিনি ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকেননি, বরং একটি 'হোমোফোবিক' শব্দ ব্যবহার করেছে। তবে, উয়েফার তদন্তে তাঁর আচরণ বৈষম্যমূলক হিসেবেই প্রমাণিত হয়েছে এবং সেই আলোকেই এই ছয় ম্যাচের নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে।
উয়েফার ঘোষণা অনুযায়ী, প্রেস্তিয়ানিকে কার্যকরভাবে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হবে, যার মধ্যে এক ম্যাচ তিনি ইতিমধ্যে ২৫ ফেব্রুয়ারির দ্বিতীয় লেগের ম্যাচে কাটিয়েছেন। বাকি দুই ম্যাচ তাঁকে উয়েফার ক্লাব প্রতিযোগিতা অথবা আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ফিফার ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা আগামী দুই বছরের জন্য ‘প্রবেশনারি পিরিয়ড’ হিসেবে থাকবে। শুধু ইউরোপে নয়, উয়েফা এখন ফিফাকে অনুরোধ জানিয়েছে যাতে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হয়।
বেনফিকা কর্তৃপক্ষ ইতিমধ্যে শাস্তির নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে। আর্জেন্টিনার হয়ে মাত্র একটি ম্যাচ খেলা এই তরুণ উইঙ্গারের জন্য এই নিষেধাজ্ঞা ক্যারিয়ারে বড় একটি ধাক্কা। যেখানে ফুটবল বিশ্ব বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, সেখানে প্রেস্তিয়ানির মতো উদীয়মান তারকার এমন আচরণ ফুটবল ভক্তদের হতাশ করেছে।
প্রেস্তিয়ানির এই দম্ভ আর ভিনিসিয়াসের সাথে তাঁর এই মাঠের বাইরের লড়াই এখন শুধু স্পেনের সংবাদমাধ্যমে নয়, পুরো ফুটবল বিশ্বেই টক অফ দ্য টাউন। এখন দেখার বিষয়, এই নিষেধাজ্ঞা কাটিয়ে প্রেস্তিয়ানি তাঁর আচরণে কোনো পরিবর্তন আনেন কি না।
তথ্যসূত্র: রয়টার্স-আল জাজিরা
ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, রদ্রিগোর পর অনিশ্চিত এস্তেভাও