বরিশালের আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্ম নিয়েছে একটি শিশু। গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। বর্তমানের চিকিৎসাধীন ওই শিশুটির পরিবার অর্থর অভাবে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য পরিবারটি সহযোগিতা কামনা করেছেন।
শিশুটির বাবার নাম রমেন জয়ধর, মা অপু জয়ধর। তাদের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বড়ো মাগড়া গ্রামে।
শিশুটির বাবা-মা জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যা শিশুটির হৃদপিণ্ড শরীরের ভেতরে নয়, বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটি ভর্তি না নিয়ে চিকিৎসকরা ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন। শেষে রাজধানীর বারডেম হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বারডেমের চিকিৎসকরা জানান, শিশুটিকে আইসিইউ’তে ভর্তিসহ পরবর্তী অপারেশনের জন্য খরচ হবে প্রায় আট থেকে ১০ লাখ টাকা। কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা না থাকায় পুনরায় শিশুটিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে এসে আবারও স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। কিন্তু সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যুর প্রহর গুনছে।
স্থানীয় ওই ক্লিনিকের পরিচালক ডা. হিরণ্ময় হালদার জানান, দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির হৃদপিণ্ড শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব। তবে চিকিৎসাটি ব্যয় বহুল হতে পারে।
আরও পড়ুন: স্বাস্থ্যের সেই আব্দুল মালেকের ৩০ বছরের সশ্রম কারাদণ্ড
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থকে প্রাথমিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
একাত্তর/এসি
