কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরানথানা এলাকার ‘সামাদ প্লাজা’ নামের একটি চারতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন—হোসেনপুর উপজেলার রামপুর গ্রামের সাব্বির এবং কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের আফাজুল।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেই সামাদ প্লাজার চারতলায় নির্মাণকাজ করছিলেন সাব্বির ও আফাজুল। দুপুরে চারতলায় রড তোলার কাজ করার সময় ভবনে বাইরে থাকা এসির তারের সঙ্গে রডের অসাবধানতাবশত স্পর্শ লাগে। এতে মুহূর্তেই পুরো রড বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজন বিদ্যুতস্পৃষ্ট হন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
