ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাউ সিকোরস্কি।
পোলিশ পাবলিক ব্রডকাস্টার 'টিভিপি ইনফো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্রেমলিন এ বছর বড় কোনো চক্রান্ত বা উসকানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক গোয়েন্দা সূত্র থেকে তথ্য পেয়েছে ওয়ারশ। তবে, পুতিনের বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে শক্তি সরিয়ে ন্যাটোতে বড় কোনো সরাসরি হামলা চালাতে সম্পূর্ণ অক্ষম।
পোলিশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঠিক কী চাল চালছেন তা কেবল তিনিই জানেন, তবে পশ্চিমা মিত্রদের যে কোনো চক্রান্ত ও উসকানিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়া হয়তো ন্যাটোতে বড় সামরিক অভিযান চালাতে পারবে না, তবে মিত্র দেশগুলোর মধ্যে ফাটল ধরাতে ছোট আকারের কোনো বিশেষ উসকানিমূলক বা বিতর্কিত ঘটনা ঘটাতে পারে। বিশেষ করে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা, যেখানে ন্যাটোর অনুচ্ছেদ ৫ (যৌথ প্রতিরক্ষা নীতি) কার্যকর হবে কি না তা নিয়ে ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিমত বা বিতর্ক সৃষ্টি হয়, এমন বিভাজনমূলক ছক ক্রেমলিনের জন্য বেশ সুবিধাজনক।
সিকোরস্কি আরও ইঙ্গিত দেন যে, রাশিয়া ইতিমধ্যে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে হাইব্রিড ওয়ারফেয়ার বা ছায়াযুদ্ধের অংশ হিসেবে যে ধরনের নাশকতা, সাইবার হামলা ও আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনা ঘটিয়ে আসছে, তা আরও আগ্রাসীভাবে বাড়িয়ে দিতে পারে। সিকোরস্কির এই হুঁশিয়ারি পশ্চিমা বিশ্ব ও ন্যাটো জোটকে নুতন করে রাশিয়ার সম্ভাব্য অন্তর্ঘাতমূলক কৌশলের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক ও একজোট হওয়ার তাগিদ দিচ্ছে।
