নোয়াখালীর চাটখিলে পঞ্চম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারকে (১৩) ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় সেলিম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন (সশ্রম) কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জয়নাল আবেদিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আদমপুর এলাকার মজনু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ জুন সেলিম তার শশুর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখীল গ্রামে অবস্থান করে। ওইদিন দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো একসময় স্কুলছাত্রী বৃষ্টিকে ধর্ষণের চেষ্টা করে ও পরে হত্যা করে মরদেহ পাশ্ববর্তী হাজী আতিকুল্লার একটি পরিত্যক্ত টয়লেটে ফেলে রেখে পালিয়ে যায়।
ওই ঘটনার একদিন পর নিহতের ফুফা শামছুল আলম বাদী হয়ে সেলিমকে আসামি করে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি ও তদন্ত শেষে বুধবার দুপুরে এ রায় দেন করে আদালত।
আরও পড়ুন: মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষসহ গ্রেপ্তার তিন
বুধবার দুপুরে পুলিশ জেলা কারাগার থেকে গ্রেপ্তারকৃত আসামি সেলিমকে আদালতে হাজির করে। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. জয়নাল আবেদিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
একাত্তর/আরবিএস
