প্রথমবারের মতো সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স।
রোববার (৫ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে, যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হয়েছিল।
নতুন সপ্তাহের প্রথম দিন আজ রোববার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই সূচক পৌঁছে যায় সাত হাজার পয়েন্টে। ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকায় দুপুর সাড়ে ১২টায় সূচক ছিল সাত হাজার ৫৭ পয়েন্টের ঘরে, যা আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বেশি।
এর আগে সূচকের ঘরে ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্ট দিয়ে গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছিল ঢাকার পুঁজিবাজারে।
গত ৩০ মে ডিএসইএক্স ৬০০০ পয়েন্টের ঘর ছাড়িয়ে আরও এগিয়ে যেতে থাকে। সেই হিসাবে তিন মাসে এ সূচকে যোগ হলো আরও এক হাজার পয়েন্ট।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২৪৪টিরই দাম বেড়েছে। ৯৪টির দাম কমেছে, আর ৩৭টির দাম অপরিবর্তিত ছিল। আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ১ হাজার ৭১২ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুরো সময়ে ২ হাজার ৪৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল এ বাজারে।
আরও পড়ুন: পদ্মা ব্যাংকে প্রায় ৬ হাজার কোটি টাকার বিনোয়োগ আসছে
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একাত্তর/আরএ
