বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে প্রথম দিন রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে শ্যামল বাংলা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীদের নিয়ে দূরপাল্লার এ বাসটি তেজগাঁও নাবিস্কোর সামনে এসে পৌঁছায়। যাত্রী নামিয়ে দিয়ে চালকসহ বাকিরা গাড়িটি সেখানে রেখে অন্যত্র বিশ্রামের জন্য যান। এই সুযোগে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ এবং র্যাবের সহায়তায় বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
রোববার দুপুর একটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এর আগে ভোর ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে শনিবার রাতে রাজধানীতে আটটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
