হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কিন্তু আত্মহত্যার হুমকি দেয়ায় তমিজিকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ওই বাসায় অভিযান চালায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আদম তমিজিকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযানের মুখে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তমিজি। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, পাশাপাশি আমরা অভিযানে গিয়ে দেখেছি একজন বিদেশি নাগরিক তার বাসায় অবস্থান করছেন। তিনি তার বন্ধু বলে জেনেছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করিনি। তবে বাড়িটি ঘিরে র্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে।
এর আগে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করে আসছেন তমিজি।
