ভাড়াটিয়া হিসেবে বাসায় প্রবেশ করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে নারীদের স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার দুইজন হলেন- মো. আলী হাসান সোহেল ও মোছা. সালমা।
গ্রেপ্তার সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের কানের দুল, একটি ইমিটেশন নেকলেস, প্লাস্টার মোম, দুটি মোবাইল এবং ৫০০ টাকা।
ঘটনার বর্ণনা দিয়ে র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গত ৩০ এপ্রিল খুলনার বানরগাতী এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া সেজে কৌশলে বাড়ির মালিকের স্ত্রীর থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়াও কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রাম, যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে বাড়ির নারীদের সঙ্গে সখ্যতা তৈরি করে অভিনব কায়দায় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়ার ঘটনা পরিলক্ষিত হয়।
চাঞ্চল্যকর এমন একাধিক ঘটনায় দেশের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ উদ্বিগ্ন হয়ে পড়ে। এসব ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র্যাব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ৩ জুন রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর যৌথ আভিযানিক দল নরসিংদী জেলার সদর থানাধীন বাসাইল এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে।
অপু হত্যায় রাসেল, বরিনের মৃত্যুদণ্ড বহাল