উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ নিয়েছিল সার্বক্ষণিক এক নাইট ক্লাবে! ২০২৫ সাল থেকে শুরু করে প্রতি মাসে সেখানে অন্তত ২০ থেকে ২২টি অবৈধ ডিজে পার্টির গোপন আয়োজন চলত। তবে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরা বিভাগের এক ঝটিকা অভিযানে অবশেষে ফাঁস হয়ে গেল এই রমরমা আসর।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযানের লোমহর্ষক বিস্তারিত তুলে ধরেন ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হলে ভেতরে এক থমথমে ও উন্মাদ পরিবেশ দেখতে পান গোয়েন্দারা। ভবনের সামনে সারিবদ্ধভাবে রাখা ছিল প্রায় ২২টি বিলাসবহুল গাড়ি।

ভেতরে উচ্চ শব্দে বাজছিল গান, আর সীসার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল পুরো পরিবেশ। উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারদেরও উপস্থিতি মেলে। ঘটনাস্থলে উপস্থিত ২৬ জন তরুণীর অধিকাংশেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
অভিযান চালিয়ে বাসাটি থেকে তিন বোতল মদ, ইয়াবা, 'কুশ' নামের একটি বিরল মাদক এবং বিপুল পরিমাণ যৌনস্বাস্থ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ ভেতরে প্রবেশ করতেই গান বন্ধ হয়ে যায় এবং উপস্থিত তরুণ-তরুণীরা দিগ্বিদিক শূন্য হয়ে ভবনের পাঁচটি কক্ষে গিয়ে আত্মগোপনের চেষ্টা করেন।

তদন্তে জানা গেছে, ‘এয়ারবিএনবি’ এবং ‘ট্রাভেলা’ নামের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এই পার্টিগুলোর সুসংগঠিত অনলাইন রেজিস্ট্রেশন চলত। জনপ্রতি প্রায় ৬০০ টাকা প্রবেশ ফি দিয়ে তরুণ-তরুণীরা এতে যোগ দিতেন। অন্যদিকে অতিরিক্ত ডিআইজির এই বাসা ভাড়া দেওয়া এবং অর্থ লেনদেনের পেছনেও মোটা অংকের অবৈধ অর্থ যোগসাজশ খুঁজে পাওয়া গেছে। ঘটনার পরই বিতর্কিত ওই অতিরিক্ত ডিআইজিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বাসাটি থেকে মোট আটক হওয়া ৮৫ জন তরুণ-তরুণীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাভোগ) করা হয়েছে। অন্যদিকে, আটক তরুণীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও তিন দিনের কারাভোগ)-এর আদেশ দেয়া হয়েছে।
