রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রায়হান পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন এবং মহাখালী রেলগেট এলাকার ফুটপাতের একটি হোটেলে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী হোটেল মালিক নজরুল ইসলাম ও পরিচিত আকাশ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী একটি চলন্ত ট্রেন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে (জিআরপি) অবহিত করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিচিত সূত্রে জানা গেছে, নিহত রায়হানের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি রাজধানীর মহাখালী রেলগেট এলাকার একটি মেসে থেকে ফুটপাতের হোটেলে কাজ করতেন।
