গাজীপুরে দুই বন্ধুকে আটকে টাকা আদায়ের ঘটনায় বাসন থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে ওই তিনজনকে থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান। তারা হলেন- এএসআই শাহাদত হোসেন এবং কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমান।
এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের দুই বন্ধু মনির হোসেন ও আলফাজ হোসেন জানান, একটি নতুন মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার গাজীপুরের মোল্লাপাড়া এলাকায় অপর বন্ধুদের সঙ্গে বেড়াতে যান তারা।
সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে নাওজোড় এলাকায় পৌঁছালে তিন পুলিশ সদস্য তাদের গতিরোধ করেন। তারা মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের নামে মোটরসাইকেল কেনার রশিদ থাকলেও শরীর তল্লাশিসহ নানাভাবে হয়রানি করেন ও মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখান।
আরও পড়ুন: অস্ত্র-গুলিসহ ছয় মানবপাচারকারী গ্রেপ্তার
এক পর্যায়ে দুই কনস্টেবল দুইজনের পকেট তল্লাশি করে ছয় হাজার ৮০০ টাকা হাতিয়ে নেন এবং তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলেন।
পরে রাতেই দুজনের স্বজনরা বাসন গিয়ে আরও ছয় হাজার টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।
উপ-কমিশনার আরও জানান, দুই যুবককে আটক করে টাকা নেয়ার অভিযোগ ওঠার ঘটনাটি তদন্ত করে ওই তিন সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসজে
