সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার পর পালানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
রোববার (১৫ মে) রাত ১১টার দিকে পুলিশ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের যমুনা নদীর তীরের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম রোজিনা খাতুন (৩৩)। তিনি বাজারগ্রাম রহিমপুরের শেখ আবু রায়হানের মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
নিহতের ভাই আবু হাসান জানান, মোবাইলফোনে পরিচয় সূত্রে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের মোহনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে বাসচালক শফিকুল ইসলামের (৩৩) সঙ্গে রোজিনার বিয়ে হয় দেড় বছর আগে। বিয়ের পর থেকে তারা যশোর জেলার ঝিকরগাছায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
তবে সংসারে অভাব থাকায় রোজিনা পাঁচ মাস আগে বাবার বাড়িতে ফিরে আসেন। কয়েকদিন পর শফিকুলও ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রোজিনার প্রতিবেশিরা রোজিনা ও শফিকুলকে সকাল থেকে দেখা যায়নি জানিয়ে তার ভাইকে মুঠোফোনে খবর দেন।
আরও পড়ুন: ফকিরহাটে বাগান থেকে ষাটোর্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার
পরে রাত ১০টার দিকে পুলিশ ও ইউপি সদস্য খায়রুল ইসলামের সহায়তায় দরজা খুলে মেঝের ওপর রোজিনার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, রোববার রাত ১১টার দিকে রোজিনার মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, রোজিনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যার পর শফিকুল পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই আবু হাসান বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
একাত্তর/এসজে
