সাতক্ষীরার আশাশুনিতে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহ উদ্ধারের সময় দেখা গেছে তার পা মাটিতে লাগানো ছিল। তাই স্থানীয়দের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, নিহতের নাম সালাম সরদার (৬০)। তিনি শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।
নিহত সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তার ভাই ৩০ বছর আগে শ্রীউলা থেকে এক কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার ইউছুফপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একটি মুদি দোকান চালানোর পাশাপাশি ঘেরের ব্যবসা করতেন।
বাবু জানান, বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। সকালে খবর পাই শ্রীউলা গ্রামের একটি পুকুরের পাশে গাছের ডালে বড় ভাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাইয়ের পা মাটির সঙ্গেই লেগে রয়েছে।
তিনি আরও বলেন, দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করলে পা মাটিতে থাকার কথা নয়, জিহ্বাও মুখের ভেতর থাকবে না। অথচ তেমন কোন লক্ষণ দেখা যায়নি।
তাই তার ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে দিয়েছে বলে দাবি করেন বাবু সরদার।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একাত্তর/জো
