রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাসে উঠতে গিয়ে ছিটকে পড়ে এক বাসচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান মঞ্জু (৩৬) এম আর পরিবহনের বাসচালক ছিলেন।
তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উথালী গ্রামের মো. আদেল কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাতক্ষিরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম আর পরিবহনের বাসটি বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ঘাটে আসে। এসময় চালক সহকারীকে বাসটি চালাতে দিয়ে তিনি জরুরী প্রয়োজনে নিচে নামেন।
বাসটি ফেরিঘাটের দিকে অগ্রসর হতে থাকলে বাসে উঠতে যান ওই চালক। তিনি বাসে ওঠার আগেই চালকের আসনে বসা সহকারী বাসটি টান দেন। এতে চালক ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: মানসিক হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা ঘটানো বাসের হেলপার ও সুপারভাইজার পলাতক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
