শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা খাতুন ওই এলাকার শাহ আলম হোসেনের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির উঠানে হাঁটাচলা করছিল শিশু সানজিদা। এসময় সবার অজান্তে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটি ডোবাতে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশে জনৈক সবুজ মিয়ার ডোবা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শরণখোলায় দুইদিনে দুই বিশাল অজগর উদ্ধার
নিহতের দাদা আহেজ আলী বলেন, 'আমার নাতী তাদের দোকানের সামনে অন্য বাচ্চাদের সাথে খেলা করছিল। পরে খেলা শেষে সবাই চলে আসলেও সানজিদা সেখানেই দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সবার অজান্তে পাশে একটি ডোবায় পড়ে যায় সে।'
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে।
