রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মার্কেটে বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি আগুনে অন্তত ৮টি দোকানের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের খান মার্কেটের আবুল বাসারের তুলার গোডাউন থেকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে ওমর আলীর বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, আবুল বাসারের তুলার গোডাউন, ফয়সালের অটো মেরামতের কারখানা, আব্দুল কুদ্দুসের ২টি ভাঙ্গারির দোকান, ওমর ফারুকের ভাঙ্গারির দোকান, রাসেলের ডেকোরেটার দোকান, সুদেব কুমার সরকারের সুতার দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পদ্মায় জেলের জালে মিললো বিলুপ্তি প্রায় ঢাই মাছ
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিটের সদস্যরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন তাদের ১ কোটি ২৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
একাত্তর/আরএ
