রাজধানীর মিরপুর থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মো: রুবেল (২২) ও মুক্তার (৩৫) নামে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বিকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা দু'জন দক্ষিণ খান এলাকায় একটি পোষাক কারখানায় চাকরি করেন।
উদ্ধারকারী সহকর্মী রাকিব জানান, বুধবার তারা উত্তর থেকে গার্মেন্টসের জন্য কিছু এক্সোসরিজ কেনার জন্য বের হন। উত্তরা থেকে প্রজাতির পরিবহনের একটি বাসে চড়ে মিরপুর যাওয়ার পথে, বাসের মধ্যে দু'জনই অচেতন হয়ে পড়েন। যাত্রীদের মাধ্যমে সংবাদ পেয়ে মিরপুর থেকে দু'জনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতাল নেয়া হয়।
উদ্ধারকারী আরও জানান, তাদের কাছে এক লাখ টাকা ছিল। তা আর পাওয়া যায়নি। অজ্ঞান পার্টির সদস্যরা যেকোনো কায়দায় অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে।
আরও পড়ুন: সুইস ব্যাংকে নির্দিষ্ট করে কারো তথ্য চায়নি বাংলাদেশ
অপরদিকে, একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার অনাবিল বাস কাউন্টারের সামনে অজ্ঞাত একজন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা ৯৯৯ এ ফোন দিলে উক্ত এলাকার ফায়ার ব্রিগেডের ইন্সপেক্টর হুমায়ুন কবির তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
