কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের সাথে বাসের মধ্যে অসদাচরণ ও হয়রানির অভিযোগে এক বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে কুয়াকাটা চৌরাস্তায় পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে এ অর্থদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা।
পর্যটকরা জানান, বাসে বসার আসন আছে এমন আশ্বাসে বরিশাল থেকে কুয়াকাটাগামী রুদ্র-তুর্য পরিবহনে টিকিট কেটে তারা আটজন বাসে উঠেন। কিন্তু বাসে উঠে দেখেন আসন নেই।
বসার আসন না দিয়ে তাদের দাড় করিয়ে কুয়াকাটা নিয়ে আসা হয়। এর প্রতিবাদ করলে পর্যটকদের সাথে খারাপ আচরণ করেন বাসের চালক ও সুপারভাইজার।
কুয়াকাটা পৌঁছে পর্যটকরা এ হয়রানীর বিষয়টি কুয়াকাটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে ঘটনার সত্যতা পেয়ে বাস চালককে এ অর্থ দণ্ডাদেশ দেয়া হয়।
একাত্তর/এসজে
