মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার চান্দের বাজার এলাকায় সড়কের পাশে গাছে বাঁধা এক হোটেল কর্মীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
রোববার (২০ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
জানা গেছে, নিহত ওই হোটেল কর্মী গোবিন্দ দাসের বাড়ি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে বালিগাঁও এলাকায়।
গোবিন্দ দাসের ছেলে নুকুল দাস জানান, রাত আনুমানিক ১১ টার দিকে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। বের হবার সময় ঘরে থাকা ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান গোবিন্দ দাস। পরে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
তিনি আরও জানান, সকালে চান্দের বাজার এলাকায় মরদেহের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান।
আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭
পরিবার ও স্থানীয়দের দাবি, সড়কটি নিরব থাকায় সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে মেরে পরিধানের লুঙ্গিতে পেঁচিয়ে গাছে বেঁধে রেখে যায় ছিনতাইকারীরা। এর আগেও এই সড়কে ছিনতাই ও খুনের ঘটনা ঘটেছে বলেও জানান তারা।
টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির শরীরে ক্ষত ও রক্ত ঝরার চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।
একাত্তর/জো
