গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
গত বছর দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর রাজশাহী জেলায় এ সংখ্যা সর্বোচ্চ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে রোববার (৩০ মে) সকাল ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সাত জনই ছিলেন দ্রুত করোনা ছড়িয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার। বাকিদের মধ্যে দু'জন রাজশাহীর, দু'জন নওগাঁর নাটোরের এক জন রয়েছেন।
মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে আইসিইউতে মারা গেছেন তিনজন।
বর্তমানে রাজশাহী মেডিকেলে ২০৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী অঞ্চলে দ্রুত কঠোর লকডাউন আরোপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো পথ নেই।
একাত্তর/এসজে
