বরিশালের আগৈলঝাড়ায় চুরি করার অপরাধে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাছের সাথে বাঁধা অবস্থায় ওই তিন কিশোরকে গৈলা মডেল ইউনিয়ন ফেসবুক পেজ থেকে লাইভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের প্রবাসী মোকলেস সরদারের বাড়িতে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যায় বরিশাল লঞ্চ ঘাটের টোকাই কিশোর মামুন গাজী (২০), সাগর মিয়া (১৮) ও তুহিন মিয়া (১৭)। তারা বোতলের পাশাপাশি ওই প্রবাসীর বাড়ির টিউওবয়েল চুরি করে নিয়ে আসে।
প্রবাসীর স্ত্রী লাকী বেগম টিউওবয়েলে পানি আনতে গিয়ে দেখেন টিউওবয়েল নেই। এসময় তিনি ওই কিশোরদের দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় নুর ইসলাম, ছালাম সরদার, আসিফ সরদারের নেতৃত্বে ১০-১২ জনে মিলে ধাওয়া করে ওই তিন টোকাই কিশোরদের ধরে ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি গাছের সাথে বেঁধে তাদের নির্যাতন করেন।
ওই কিশোররা জানান, স্থানীয়রা তাদের বেঁধে নির্যাতন করেছে। আনেক অনুনয়-বিনয় করার পরেও তাদের মন গলেনি। বিষয়টি স্থানীয়রা গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদাররকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে সংবাদ দেন। পরে থানার এসআই রমজান হোসেন গিয়ে ওই তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আছেন। এঘটনায় প্রবাসীর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক
এ ব্যাপারে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার বলেন, টোকাই কিশোররা চুরি করলে তাদের পুলিশের কাছে দেওয়া যেত। তাদের গাছের সাথে বেঁধে নির্যাতন করা ঠিক হয়নি।
আগৈলঝাড়া থানার এসআই রমজান হোসেন সাংবাদিকদের জানান, গাছে বাঁধা অবস্থায় তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রবাসীর পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
একাত্তর/আরবিএস
