পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতের লেম্বুরবনসহ একাধিক মৎস্য পল্লীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও মহিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার পশ্চিম সৈকতের বিভিন্ন মৎস্য বিক্রির ঘর, মৎস্য পল্লী ও লেম্বুরবনে একযোগে অভিযান চালায় প্রশাসন।
এসময় বিভিন্ন স্থানে মজুদ করে রাখা ১৫ লাখ টাকা মূল্যের প্রায় ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
প্রশাসনের অভিযানের খবর পেয়ে কারেন্ট জাল ব্যবহার ও মজুদে জড়িতরা পালিয়ে যায়।
আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম
কলাপাড়া মৎস্য বিভাগের মেরিন ফিসারিজ কর্মকর্তা আশিকুর রহমান জানান, উদ্ধার করা কারেন্ট জাল কুয়াকাটা সৈকতে পুড়িয়ে ফেলা হয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে সমুদ্র ও নদীতে মাছ শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/আরএ
