নীলফামারীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে এক স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত শাহরিয়ার শিহাব (১২) ওই এলাকার এরশাদুল হকের ছেলে। সে নীলফামারী ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
এর আগে শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় সেচপাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে সে নিখোঁজ হয় বলে জানান নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম।
নিহতের বাবা এরশাদুল হক জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের সেচপাম্পের ঘরের বাল্ব জ্বালানোর জন্য বাড়ী থেকে বের হয় শিহাব। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
তিনি জানান, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না পেয়ে রোববার সন্ধ্যায় নীলফামারী সদর থানায় একটি নিখোঁজের ডায়েরী করা হয়। থানা থেকে বাড়ি ফেরার পর রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন খবর দিয়ে জানায় বাড়ির পাশের একটি ধানক্ষেতে শিহাবের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। সাথে সাথে সেখানে গিয়ে তিনি ও পরিবারের অন্য সদস্যরা মরদেহ সনাক্ত করেন।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত দুই
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম জানান, শিহাবের বাবা সাধারণ ডায়েরী করার কয়েকঘণ্টা পরই ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
একাত্তর/এসজে
