রাজবাড়ী সদর উপজেলার (জৌকুড়া) ধাওয়াপাড়া ঘাট এলাকার পদ্মা নদীতে বালি বহনকারী জাহাজে (বাল্কহেডে) গুলিতে সানু হাওলাদার (৬২) নামের এক শ্রমিক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ সানু হাওলাদার বরগুনা জেলার নলী গ্রামের মৃত আইনুদ্দীন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার (জৌকুড়া) ধাওয়াপাড়া ঘাটের অদূরে পদ্মা নদীতে বালু বাহী বাল্কহেডে এ গুলির ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে গুলিবিদ্ধ সানু হাওলাদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাটের অদূরে পদ্মা নদীতে বালু লোড করার সময় ট্রলারযোগে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাথাড়ি ভাবে গুলি করে চলে যায়। তাদের ছোড়া গুলি শরীরের বিভিন্নস্থানে বিদ্ধ হয় তার।
আরও পড়ুন: কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি আহছান, সম্পাদক তাহের
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. নুরুল আজম বলেন, শরীরের বিভিন্নস্থানে অসংখ্য গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালের জরুরী আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/আরএ
