নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় রেললাইনের লোহার নিরাপত্তা খুঁটি উপড়ে পড়ে এক ফল বিক্রেতা নিহত ও আরও তিন পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল আটটার দিকে সৈয়দপুর পৌর শহরের রেলপট্টি সংলগ্ন ফল বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফল বিক্রেতা আব্দুল হাকিম (৫০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মালিকদাহ গ্রামের আব্দুল হালিমের ছেলে। আহতদের সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে আঙ্গুর বোঝাই একটি ট্রাক আড়তে প্রবেশ করার সময় রেলপথ নিরাপত্তার লোহার খুঁটিতে ধাক্কা দেয়। এসময় ওই নিরাপত্তা খুঁটি উপড়ে গিয়ে বড়ই বিক্রেতা আব্দুল হাকিমসহ তিন পথচারীর উপরে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল হাকিম এবং আহত হন আরও তিন পথচারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: নাটোরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, একজন আহত
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
