নোয়াখালীর সোনাইমুড়ীতে লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ টাকা ও ছিনতাইকৃত ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার সকালের দিকে চট্রগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেড়ী গ্রামের ফরিদ বেপারীর ছেলে ওয়াহিন উদ্দিন রানা ওরফে কালা মিয়া (৩১) একই উপজেলার চরলক্ষী গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. রুবেল (৩০)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, শনিবার (১৮ মার্চ) লক্ষ্মীপুর জেলার সবজি ব্যবসায়ী মনির উদ্দিন (৪৫) স্থানীয় চাষিদের থেকে ১০ টন ঢেঁড়স ক্রয় করে। এরপর ট্রাক বোঝাই করে ঢাকা শহরে কারওয়ান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর জেলার বয়ারচর রুহুল আমিন মার্কেটের সামনে থেকে রওয়ানা দেন, বিকেল সাড়ে ৫টার দিকে ঢেঁড়স বোঝাই ট্রাকটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী হাইওয়ে রোডের বগাদিয়া গ্রামের চেরাং বাড়ির সামনে পৌঁছালে ডাকাত চক্র তাদের ট্রাকের গতিরোধ করে।
একপর্যায়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও হেলপারের কাছ থেকে নগদ টাকাও মুঠোফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে ট্রাক বোঝাই ১০ টন ঢেঁড়স ট্রাকসহ ছিনতাই করে নিয়ে যায় তারা।
আরও পড়ুন: বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন
এসপি আরো জানায়, সোমবার সকালে তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে আসামিদের সনাক্ত করে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সোনাইমুড়ী থানার পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের হেফাজত ও স্বীকারোক্তি মোতাবেক ঢেঁড়স বিক্রির ১ লাখ ৪৬ টাকা এবং ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
একাত্তর/আরএ
