নীলফামারীর জলঢাকায় সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সন্দীপন ঘোষ তমাল (৩২) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জলঢাকা-ডোমার সড়কে সলেমানের চৌপথি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্দীপন ঘোষ ডোমার উপজেলা শহরের সাহাপাড়ার তাপস কুমার ঘোষের ছেলে। তিনি বেসরকারি সংস্থা প্রশিকায় ডোমার উপজেলার চিলাহাটি কার্যালয়ে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী সন্দীপন ঘোষ জলঢাকা থেকে ডোমারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের পিলারে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রানা প্লাজা ধস: দ্রুত বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি
প্রশিকার চিলাহাটি শাখার এলাকা ব্যবস্থাপক মো. বেলাল হোসেন সন্দীপন ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্থার হিসাব রক্ষক হিসেবে তিনি চিলাহাটি শাখায় কর্মরত ছিলেন।
জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সলেমানের চৌপথি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
একাত্তর/আরবিএস
