শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে এক সিএনজি অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর উপজেলার টিক্কাচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আবদুল কুদ্দুস (৩৫) কুমিল্লার সীমান্তবর্তী নিশ্চিতপুর গ্রামের আবদুস সালামের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সময় নগরের দক্ষিণ চর্থায় শ্বশুরবাড়িতে ছিলেন কুদ্দুস, এসময় তাকে ফোন করে ডেকে নেন সোহাগ নামের এক ব্যক্তি। পরে চা খাওয়ার সময় তাদের দু’জনের মধ্যে টাকা নিয়ে বিতণ্ডা হয়। একপর্যায়ে কুদ্দুসকে ছুরিকাঘাত করেন সোহাগ।
এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কুদ্দুস তিন বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।
অভিযুক্ত সোহাগ শুভপুরের বাসিন্দা।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নির্বাচনের গোপন কক্ষে অনুপ্রবেশ: দুইজন আটক
চলতি বছরের কুমিল্লায় ৩৯ খুনের ঘটনা ঘটেছে। জানুয়ারি মাসে ১০টি, ফেব্রুয়ারি মাসে ৪টি, মার্চ মাসে ১০টি, এপ্রিল মাসে ১০টি এবং চলতি মে মাসে খুনের ঘটনা ঘটেছে ৫টি।
একাত্তর/আরএ
