নড়াইলে চলছে কঠোর লকডাউন। আজ মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রাস্তায় কোন গাড়ি চলছে না। জেলার প্রধান প্রধান সড়কে চেকিং পোষ্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শহরের প্রধান প্রধান মার্কেটে বন্ধ রাখা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে গত ১২ জুন থেকে প্রথম দফায় ৭ দিনের লকডাউনের প্রজ্ঞাপন জারী করে জেলা প্রশাসন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলার এই সাতদিনের লকডাউনে গণপরিবহন সহ শপিংমল এবং সব ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাঁচাবাজার, মাছের বাজার খোলা থাকবে। তবে জরুরী সেবাসমূহ এ লকডাউনের আওতার বাহিরে থাকবে।
নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নড়াইলে গত চব্বিশ ঘন্টায় ৭৯ জনের করোনা নমুনা রিপোর্টে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১৮৬৪ জন। নতুন ১ জন সহ মারা গেছেন ৩১ জন এবং জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৭৩।
একাত্তর/এনএ
