নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষার্থী নাহিদ (১৮) উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলাপের জন্য কলেজে যায় নাহিদ। এসময় এলাকায় কিশোর গ্যাং সদস্য দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাকে ধাওয়া করে। তারা ধারালো অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাথাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে নাহিদকে হত্যা করে। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
নাহিদের পরিবার আরও জানায়, ওই কিশোর গ্যাং সদস্যদের সাথে স্কুলের একটি তুচ্ছ ঘটনা নিয়ে নাহিদের পূর্ব শত্রুতা ছিল বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতরা এলাকায় কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে।
আরও পড়ুন: নলছিটিতে বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
একাত্তর/জো
