আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবে তিন শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার সময় তারা ড্রেজারের কেবিনে ঘুমিয়ে ছিলেন।
সোমবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নদ খননের বালু নদের পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো ওই বাল্কহেডটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নদের পাড়ে বাল্কহেডটি উল্টে ডুবে যায়। এসময় ঘুমিয়ে থাকা ওই তিন শ্রমিক আটকা পড়েন বাল্কহেডের মধ্যে। পরে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
শিবচর থানা পুলিশ জানায়, আড়িয়াল খাঁ নদী শাসন কাজে নিয়োজিত একটি ড্রেজার সোমবার দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নদীতে ডুবে যায়। বৃষ্টির সময় এটি নদের তীরে বাঁধা ছিল। ড্রেজারটি ডুবে যাওয়ার সময় তিন শ্রমিক ওই ড্রেজারের কেবিনের মধ্যে ঘুমানো ছিল। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আড়িয়াল খাঁ নদের শাসন কাজ করে আসছে একটি দেশিয় কোম্পানি।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-মাইক্রোর সংঘর্ষ, নিহত এক
উপজেলার কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
একাত্তর/আরএ
