নরসিংদীতে আলোচিত রানা আকবর মোল্লার হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম, ইব্রাহিম ওরফে বল্টু ইব্রাহিম (৩০)। তার বাড়ি নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায়।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।
ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে একদল সন্ত্রাসীর হাতে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রানা। ঘটনার পর নরসিংদী মডেল থানায় নিহতের স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর হত্যাকাণ্ডে সহযোগী সাকিব, সেতু ও লিটন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামি বল্টু ইব্রাহিমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশীটি পিস্তলটি ইউএমসি জুট মিলের পরিত্যক্ত কলোনির বাউন্ডারির পাশে লুকিয়ে রেখেছেন। বল্টু ইব্রাহিমকে অস্ত্র মামলাসহ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
