পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাসর রাতে নতুন বউকে ঘরে রেখে গলায় ফাঁস দিয়ে বরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মাত্র ১৯ বছর বয়সী বাবুল হোসেন শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিয়ে করে বৌ নিয়ে আসেন নিজ বাড়িতে। কিন্তু ওই দিনে ভোররাতে তার মৃত্যুর ঘটনা হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
ঘটনাটি ঘটেছে জেলার জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকায়। মৃত বাবুল হোসেন ওই এলাকার সফিজুল ইসলামের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল হোসেন ২৪ সেপ্টেম্বর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দিনবাজার এলাকার সবার উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে বাড়িতে ফেরেন। এদিকে রাতে বর-কনে ও কনের সাথে আসা তার দাদী (দানিবুড়ি) শামসুন্নাহা, বরের দুলাভাই (হুসেন) ও দুটি বাচ্চা তারা সবাই বাসর ঘরে ছিল।
এসময় বাসর রাতে সকলকে নিয়ে এক ঘরে থাকায় পরিবারের সদস্যদের সাথে বাবুলের মনোমালিন্য হয়। এরপর তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোররাতে পরিবারের লোকজন বাবুলকে রান্নাঘরের সরের সাথে ঝুলতে দেখে।
আরও পড়ুন: করোনা উপসর্গে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
এদিকে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে খবর পাই বিয়ের রাতেই বাবুল নামে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করেনি। তবে নিয়ম অনুসারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের কর হয়েছে। তবে আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এসজে
